জন্মদিনে ‘দক্ষিণের দুয়ার’ খুলল জাহ্নবীর

জন্মদিনে ‘দক্ষিণের দুয়ার’ খুলল জাহ্নবীর
দক্ষিণি সিনেমার কার সঙ্গে অভিনয় করতে চান? উত্তরে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর জানিয়েছিলেন, জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর। এবার সত্যি সত্যি তাঁর ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করলেন সিনেমার নির্মাতারা। অভিনেত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য এটি শেয়ার করেছেন। জাহ্নবীর দক্ষিণি সিনেমায় অভিনয় নিয়ে অবশ্য নানা ধরনের গুঞ্জন ছিল। জুনিয়র এনটিআরের সঙ্গে তিনি সিনেমা করছেন, অনেক দিন ধরে এ গুঞ্জন থাকলেও জাহ্নবী নিজে কিছু বলেননি। তবে আজ অভিনেত্রীর ২৬তম জন্মদিনে এল সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবী সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে লেখেন, ‘এটি সত্যি সত্যিই ঘটতে যাচ্ছে। আমার প্রিয় জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ শুরু করার তর সইছে না।’ এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে অভিনেতা জুনিয়র এনটিআর জাহ্নবী কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই সিনেমায় স্বাগত জানান। নাম ঠিক না হওয়া এই সিনেমার প্রাথমিক নাম ‘এনটিআর৩০’। ‘জনতা গ্যারেজ’, ‘শ্রীমানতুডু’, ‘মিরচি’ সিনেমাগুলোর মতো জনপ্রিয় সিনেমার পরিচালক কোরাতালা শিভা এই সিনেমা পরিচালনা করবেন। জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর ছাড়াও আরও একজন বড় তারকা এই সিনেমায় থাকবেন। তেলেগু এই সিনেমায় অভিষেকের মাধ্যমে প্রথমবারের মতো ‘প্যান ইন্ডিয়া’ সিনেমার অংশ হবেন জাহ্নবী। ‘এনটিআর৩০’ সিনেমাটি অ্যাকশন-ড্রামা ঘরানার ছবি হতে পারে বলে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। এ সিনেমার সংগীতায়োজন করবেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় সংগীতশিল্পী অনিরুদ্ধ রবিচন্দর। এনটিআর আর্টস ও যুব সুধা আর্টসের যৌথ ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করবেন সুধাকর মিকিলিনেনি ও হরি কৃষ্ণ কে। ২০২২ সালের নভেম্বরে জাহ্নবী কাপুরের ‘মিলি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!